বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার বিকেল থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, কারও ফেসবুক টাইমলাইন স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে আউটেজ ট্র্যাকিং সাইট ফাস্টডাউন জানায়, গত ২৪ ঘণ্টায় ৫,৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছেন না। নতুন করে লগইন করার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘একটি অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে’।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট হওয়ার খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা জানিয়েছে, অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।