ব্যাগেই নেওয়া যাচ্ছে ‘ওয়াশিং মেশিন’, জাপানের এই আবিষ্কারের কথা জানেন?

স্মার্ট ওয়াশিং মেশিন বেশ সুবিধা এনে দিয়েছে নাগরিক জীবনে। এটি কাপড় ধোয়ার কষ্ট থেকে মানুষকে মুক্তি দিয়েছে। তবে প্রযুক্তির উৎকর্ষে এমন ব্যবস্থাপনাগুলো দিনদিন আরও স্মার্ট ও টেকসই হিসেবে হাজির হচ্ছে।

কাপড় ধোয়ার তেমনি এক স্মার্ট ও সহজে বহনযোগ্য পলিব্যাগ নিয়ে এসেছে জাপানের কোম্পানি কাও, যা বিশেষ পরিস্থিতিতে ওয়াশিং মেশিনের কাজ অর্থাৎ কাপড় পরিষ্কার করতে সক্ষম। এটি মিলছে অ্যামাজন এবং ই বে'র মতো আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইটগুলোতে।

কোম্পানিটির দেওয়া তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগের কিংবা লোডশেডিংয়ের মতো পরিস্থিতিতে এই প্লাস্টিকের ব্যাগ ওয়াশিং মেশিনের কাজটি করে। পাশাপাশি সহজে বহনযোগ্য। এটি একটি ৫ লিটারের জিপার ব্যাগ। ব্যবহারকারীদের যেকোনো সময়, যেকোনো জায়গায় এটির সাহায্যে কাপড় ধোয়ার কাজটি সেরে নিতে পারবেন।

ব্যবহারের নিয়ম সম্পর্কে বলা হয়েছে, জিপার লকটি খুলে পরিমাণ মতো পানি ও ডিটারজেন্টসহ কাপড়গুলো ব্যাগের ভেতর ঢোকাতে হবে। তারপর জিপারটি বন্ধ করে ব্যাগটি ঝাঁকাতে হবে। শেষে হাত দিয়ে কাপড় ধোয়ার মতো করেই ব্যাগটিকে আলতোভাবে ঘষতে হবে।

ঘষা শেষে ব্যাগের পাশের ছোট ভাল্‌বটি খুলে ময়লা পানিগুলো ফেলে দিয়ে ভালো পানি দিতে হবে।

“কাও অ্যাটাক জিরো লন্ড্রি ব্যাগ”টি একটি হয়ত একেবারেই সাধারণ কিছু মনে হতে পারে। তবে এটি বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ব্যগটির প্রশংসা করেছেন।