বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেল কর্পোরেশন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের মাঝারি শ্রেণির কর্মীদের বেতন কমবে ৫%। প্রধান নির্বাহী প্যাট গেলসিংগারের বেতন কমানো হবে ২৫%। তবে ঘণ্টাভিত্তিক কর্মীদের বেতন আগের মতোই থাকবে।
ইনটেলের মুখপাত্র অ্যাডি বার জানিয়েছেন, কর্মীদের ওপর প্রভাব রাখতে বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। যা তাদের বিনিয়োগ ও পুরো ব্যবসাকে সহায়তা করবে।
এদিকে ইনটেল যখন বেতন কমানোর ঘোষণা দিল তখনই জানা গেল পেমেন্ট ফার্ম পেপ্যাল তাদের ৭% বা প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই করবে।
২০২২ সালের নভেম্বরে পেপ্যাল কর্তৃপক্ষ জানায়, ধারণা অনুযায়ী বার্ষিক লভ্যাংশ অর্জন করতে পারবে না তারা। এছাড়া যুক্তরাষ্ট্রে ই-কমার্স কোম্পানিগুলোর অর্থনৈতিক কার্যক্রম ধীরগতির থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পেপ্যাল।
এদিকে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের বড় বড় সব কোম্পানি কর্মী ছাঁটাইয়ের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুক, টুইটার, গুগলসহ প্রায় সব প্রতিষ্ঠান নিজেদের কর্মী সংখ্যা কমিয়েছে।