মেটা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে মল্লযুদ্ধ (কেজ ফাইট) করতে তার বাড়ি হাজির হতে পারেন বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, টেসলার স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি গাড়িতে চড়ে বসে সেটিকে জাকারবার্গের পালো অল্টোর বাড়িতে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন। এরপর সেখানেই মেটা প্রধানকে লড়াইয়ের আহ্বান জানাবেন তিনি।
এক্সে দেওয়া এক বার্তায় মাস্ক প্রস্তাব দিয়ে বলেন, এক্সে (সাবেক টুইটার) তাদের লড়াইয়ের লাইভ স্ট্রিমিং করা হবে। এ থেকে হওয়া আয় প্রবীণদের দাতব্য সংস্থাগুলোকে দেওয়া হবে।
তিনি বলেন, “টেসলা এফএসডি পরীক্ষা করার জন্য আমি গাড়িটিকে নির্দেশ দেব তার বাড়িতে যাওয়ার জন্য।”
“এর মাধ্যমে আমি এক্স-এর লাইভস্ট্রিম ভিডিও সুবিধারও পরীক্ষা চালাব যাতে আপনারা আমাদের এই অভিযান রিয়েলটাইমে দেখতে পারবেন। ভাগ্য যদি আমাদের পক্ষে থাকে ও জাকারবার্গ সত্যিই যদি দরজা খোলে, তবে লড়াই হবে!”
তবে জাকারবার্গের এক মুখপাত্র বলেন, মাস্কের ওই যাত্রা ভিত্তিহীন কারণ মেটা প্রধান বাড়িতেই নেই।
“মার্ক এখন বাইরে আছেন। আর তিনি পালো আল্টোতে নেই। মার্ক এই খেলা নিয়ে অনেক সিরিয়াস। তবে, হঠাৎ করে কেউ তার বাড়িতে এলেই তিনি লড়াই করবেন, বিষয়টি এমন নয়।”
গত জুন মাসে মেটা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে মল্লযুদ্ধের (কেজ ফাইট) আহ্বান জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক।
তার আহ্বানে সাড়া দিয়ে নিজের প্রস্তুতির কথা জানান জাকারবার্গ। আগামী ২৬ আগস্ট সেই যুদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তারিখ নির্ধারণে এখনো চূড়ান্ত কিছু জানাননি ইলন।
যদিও দুই টেক মোগল জানিয়েছেন, তারা প্রশিক্ষণ নিচ্ছেন। এবং প্রস্তুতি নিচ্ছেন। তারিখ চূড়ান্ত না হলেও ইতোমধ্যে সেই যুদ্ধ কোন মাধ্যমে প্রচার হবে তা নিয়ে দুজনের মতের অমিল দেখা গেছে।
কেজ ফাইট এক ধরনের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়। যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার ভেতর নির্দিষ্ট সময় লড়াই করেন।
এই লড়াই মেটার জন্য বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। এই মূহুর্তে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক মেটা। গত জুলাই মাস থেকে তারা থ্রেডস নামে আরেকটি সামাজিকমাধ্যম চালু করেছে; যেখানে কয়েকদিনের মধ্যে ১০ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে।