এআই শিক্ষক খুঁজছেন ইলন মাস্ক, দেবেন মোটা অঙ্কের বেতন

ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে “এআই শিক্ষক” খুঁজছেন মাস্ক নিজেই। ব্যবহারকারীদের আরও বাড়তি সুবিধা দিতে এক্সে এআই সুবিধা যুক্ত করা হয়। এবার সেই এআইকে আরও গতিশীল করতে পেশাজীবীদের খোঁজে রয়েছেন ইলন মাস্ক।

সম্প্রতি ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এ নিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে বলা হয়, এআই শিক্ষকের মূল কাজ হবে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করা। অর্থাৎ বিভিন্ন তথ্য যুক্ত করে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেলকে ব্যবহারকারীদের উপযোগী করে তুলতে হবে।

বিজ্ঞাপনের তথ্য মতে, এআই শিক্ষক কাজের ধরন অনুযায়ী প্রতি ঘণ্টায় ৩৫ থেকে সর্বোচ্চ ৬৫ মার্কিন ডলার বা ৪,২০০ টাকা থেকে ৭,৮০০ টাকা বেতন পাবেন (প্রতি ডলারের মূল্য ১২০ টাকা ধরে)। এর সঙ্গে থাকবে চিকিৎসা ও বিমার সুবিধাও। ঘরে বসে কাজ করার সুযোগ থাকলেও এআই শিক্ষককে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়মিত কাজ করতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে এআই শিক্ষকের যোগ্যতা সম্পর্কে বলা হয়, খুব বেশি প্রযুক্তি জ্ঞান না থাকলেও লেখালেখি ও ইংরেজি ভাষায় দক্ষ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বিভিন্ন উৎস থেকে প্রকৃত তথ্য খুঁজে বের করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। ফলে যারা সাংবাদিকতা করেন বা গবেষণা কাজের সঙ্গে যুক্ত, তারা অগ্রাধিকার পাবেন। তবে এ কাজের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত হবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এক্সে এআই চালু করেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানটি এআই এর পাশাপাশি মহাবিশ্বের রহস্য জানতে বিভিন্ন কাজ করছে।