বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার এই দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার রোধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন ও অধিক কার্যকরী এআই মডেল আনার প্রতিযোগিতা শুরু করেছে। চীনের তৈরি ডিপসিক ইতোমধ্যে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। এবার এআইয়ের দুনিয়ায় নিজেদেরকে নিয়ে এলো আলিবাবা। ই-কমার্সভিত্তিক এই প্রতিষ্ঠানটি “ওয়ান ২.১” নামের এক নতুন এআই মডেল উন্মুক্ত করেছে যা বার্তা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম।
আলিবাবার তথ্যমতে, এই ‘‘ওয়ান ২.১” এআই মডেলটি সবার জন্য ওপেন হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকেরা নিজেদের চাহিদা অনুযায়ী এটি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এর ৪টি সংস্করণে বাজারে এসেছে। এআই মডেলটি বার্তা বা ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি ও ভিডিও তৈরির পাশাপাশি তথ্যও বিশ্লেষণ করতে সক্ষম। মডেলগুলো আলিবাবা ক্লাউডের ‘‘মডেলস্কোপ’’ এবং এআই কমিউনিটি প্ল্যাটফর্ম ‘‘হাগিংফেস’’–এ পাওয়া যাবে।
আলিবাবার দাবি, তাদের নির্মিত এই এআই মডেলটি অত্যন্ত বাস্তবসম্মত কনটেন্ট তৈরির পাশাপাশি একসঙ্গে একাধিক তথ্য বিশ্লেষণ করতে সক্ষম হবে। এছাড়াও পরবর্তী ৩ বছরে ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো শক্তিশালী করতে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে বলে জানায় আলিবাবা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস