দেশে মোবাইল ইন্টারনেটের দাম যৌক্তিক মাত্রায় না এলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে “বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫” উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “মোবাইল অপারেটররা সরকারের পক্ষ থেকে নানা ধরনের সুবিধা পেয়েও ইন্টারনেটের মূল্য কমাচ্ছে না। এবার যদি তারা সাড়া না দেয়, তাহলে সেবার মান, বকেয়া পাওনা এবং তাদের অন্যান্য সুবিধা সরিয়ে নেওয়ার বিষয়ে সরকার কঠোর হবে।”
তিনি আরও বলেন “মোবাইল কোম্পানিগুলো যাতে ইন্টারনেটের দাম কমায়, সে জন্য পর্যাপ্ত রেগুলেটরি ও বাস্তব উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অংশীজনেরা অংশগ্রহণ করেছেন। তবে যারা এখনও অংশগ্রহণ করেননি, তাদের অংশগ্রহণ করা উচিত।”
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, তারা কারও পথ বন্ধ করতে চান না। কিন্তু অংশীজনদের সঙ্গে আলোচনা করে তারা এমন একটা অবস্থানে পৌঁছাতে চান, যেখানে নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়।
এদিকে, সম্প্রতি গ্রামীণফোনের সেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটে। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “বুধবার (১৪ মে) সারাদেশে প্রায় ৪০ মিনিট ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট ছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে অপারেটরটির কাছে।”
এদিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন) জহিরুল ইসলাম।