Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাছির: উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির মুরাদনগরে সাংবাদিকদের এ কথা বলেন

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাছির উদ্দিন বলেন, “যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন, গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, ৫ আগস্টের পরেও আসিফ মাহমুদ এমন নেতা-কর্মীদের জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও, কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতি নেই।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মমতাময়ী মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত বেদনাদায়ক।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দ মতো মুরাদনগর পরিচালনা করছেন। মুরাদনগরের ফ্যাসিবাদি আওয়ামী সরকারের কোনো নেতা-কর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে জেলে রাখা হয়েছে। আমি গ্রেপ্তার ১৩ জন নেতা-কর্মীকে দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।”

এর আগে, নাছির উদ্দিন নাছির নেতা-কর্মীদের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ শেষে নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x