চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউয়ের ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা উল্টে যায়। আর সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে নালার ভেতরে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিকভাবে আশপাশে থেকে ছুটে আসেন লোকজন। তারা দ্রুত উদ্ধার করেন ওই তরুণীকে। বৃষ্টি না থাকায় নালায় পানি প্রবাহ কম ছিল।
ঘটনাট আজ সোমবার (৪ আগস্ট) দুপুর পৌনে তিনটার। নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই তরুণীর পরিচয় এবং বর্তমানে কী অবস্থায় আছেন, তা সম্পর্কে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, নালার ওপর যে স্ল্যাব রাখা হয়েছে, তা কংক্রিটের। সেখানে এ রকম তিনটি স্ল্যাব ছিল। হেঁটে আসার সময় তিনটির মধ্যে একটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। আর এতেই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের বিপণিবিতান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত এসে ওই তরুণীকে নালা থেকে উদ্ধার করেন। এরপর তরুণী হেঁটে বিপণিবিতানে প্রবেশ করেন। এসময় তাকে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন জানিয় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘কংক্রিটের স্ল্যাবগুলো ঠিকভাবে বসানো হয়নি বলে ধারণা করছি। কোনো কারণে এক পাশ থেকে এর ‘সাপোর্ট’ সরে গেছে। ফলে পা রাখতেই তা উল্টে যায় এবং তরুণী নালার ভেতরে পড়ে যান।” পুরো বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ছয় বছরে চট্টগ্রাম নগরের খাল ও নালায় পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ৯ জুলাই হালিশহরের আনন্দপুর এলাকায় তিন বছর বয়সী হুমায়রার মৃত্যু হয় নালায় পড়ে।



