চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে নবজাতকের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। খবর পেয়ে ওই নারী ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে দেওয়ানহাট মোড়ে পুলিশ বক্সের বিপরীত পাশ থেকে তাদের উদ্ধার করা হয়।
মা-সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহিদুর রহমান।
তিনি বলেন, “সকালে ওই মোড়ে আমাদের দায়িত্ব ছিল। হঠাৎ কনস্টেবল এসে বলল, ‘স্যার রাস্তায় বাবু হয়েছে’ তার কথা শুনে দৌড়ে গিয়ে দেখি সড়কেই নবজাতকের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এরপর ওয়াকিটকিতে সাহায্যের জন্য বলি। সে সময় জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স ওই সড়ক দিয়ে যাচ্ছিল। সেটিকে থামিয়ে পরে মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছাই।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ওই নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একসময় সড়কেই সন্তানের জন্ম দেন। এ সময় পথচারীদের কেউ এগিয়ে আসেনি। তার চিৎকার শুনে এক পুলিশ সদস্য এগিয়ে যান।
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, “বাচ্চাটা সড়কে পড়ে ছিল। আমরা আশপাশে নারী পথচারীদের অনুরোধ করছিলাম ওই নারীকে ঢেকে দেওয়ার জন্য। অনেক অনুরোধের পর দুজন এগিয়ে আসেন। তাদের সহায়তায় মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে তুলি।”



