সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৪ সেপ্টেম্বর এই নির্দেশ বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে, সোমবার (১১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। এ ঘটনায় এখন পর্যন্ত ১২০ বার প্রতিবেদন দেওয়ার তারিখ পিছিয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে তানভীর রহমান খান ও পলাশ রুদ্র পাল জামিনে আছেন, আর বাকিরা কারাগারে আটক রয়েছেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়। পরে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি না হওয়ায় মামলাটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, যা সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।



