Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা বিএনপি নেতার

গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি বাদী হয়ে এ মামলা করেন

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন বিএনপি নেতা তানভীর সিরাজ/ঢাকা ট্রিবিউন

তানভীর সিরাজ বলেন, ‘‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। আশা করি, ন্যায় বিচার পাবো।”

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, ‘‘অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।”

   

About

Popular Links

x