বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না।
রবিবা (১৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে রাষ্ট্রপতির ছবি অপসারণ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না।”
রিজওয়ানা হাসান বলেন, “আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার লিখিতভাবে এমন কিছু জানালে বিষয়টি পরিষ্কার থাকতো। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।
উপদেষ্টা আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”



