Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে ৭ মাসে স্বামীর হাতে খুন ১৩৩ নারী

সাত মাসে পারিবারিক সহিংসতায় মোট মৃত্যু ৩২২ জনের

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম

দেশে গত ৭ মাসে পারিবারিক সহিংসতায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বামীর হাতে খুন ১৩৩ নারী খুন হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। এর মধ্যে ২০৮ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে। আর আত্মহত্যা করেছেন ১১৪ জন।

আসকের তথ্য বলছে, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে। এ সময়ের মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৩৩ জন নারী। স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন ৪২ জন। আর ৩৩ জন নিজ পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন।

এছাড়া, পারিবারিক সহিংসতার জেরে সাত মাসে ১১৪ জন আত্মহত্যা করেছেন বলে আসকের তথ্যের ভিত্তিতে জানিয়েছে প্রথম আলো।

অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন “১০৯” এর তথ্য অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে শারীরিক-মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য সহায়তা চেয়ে কল এসেছে ৪৮,৭৪৫টি।

জাতীয় জরুরি সেবা “৯৯৯”-এর তথ্য অনুসারে, গত জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে ৮ মাসে নারী নির্যাতনের ঘটনায় ১৭,৩৪১টি কল এসেছে। এর মধ্যে পারিবারিক নির্যাতনের অভিযোগে কল এসেছে ৯.৭৪৬টি। এসব কলের মধ্যে শুধু স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসেছে ৯,৩৯৪টি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল আই খানের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি মনে করেন, পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও আইন প্রয়োগে দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে থাকে।

অধ্যাপক মনিরুল আই খান বলেন, “নারীদের অবশ্যই নির্যাতনমূলক সম্পর্ক থেকে বের হয়ে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়াও জরুরি। শাস্তির ভয় থাকলে নির্যাতন কম হয়।”

   

About

Popular Links

x