শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘‘এফবি মায়ের দোয়া’’র ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
উদ্ধারকৃত জেলেরা হলেন- আব্দুর রাজ্জাক, মো. ফারুক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব, রাকিব ও মো. রাকিব। বোটটির মালিকের নাম মো. রাজ্জাক।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘‘গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে যায়। তারপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তী সময়ে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গতকাল রবিবার সকাল ১০টায় একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।”
উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।’’



