Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

এলাকাবাসী জড়ো হয়ে ওই যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৬ এএম

কুমিল্লার বিসিক এলাকায় সায়েম (২২) নামের এক যুবককে চাঁদাবাজির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকার বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম অশোকতলা এলাকার বাসিন্দা ছিলেন। রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার  ব্যবসায়ী, অশোকতলা এলাকার দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে চাঁদা নিতেন। এর ফলে স্থানীয়দের মাঝে কয়েকদিন ধরে ক্ষোভ জন্ম নেয়। এছাড়া চুরি ছিনতাইয়ের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদা নিতে যায়। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। এসময় সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরবর্তীতে এলাকাবাসী জড়ো হয়ে পুনরায় সায়েমকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গেলে সায়েমের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছে, তিনি ওই এলাকায় চাাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিলেন। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x