Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত প্রাইভেটকারের ওপর পড়লো কভার্ডভ্যান, নিহত ৪

ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী কভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। এ সময় ওই কভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তার৷ বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকারী পুলিশের সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে বারোটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকা মুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।

এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে কাত হয়ে পড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কার ও একটি সিএনজি কভার্ডভ্যানের নিচে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x