Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, ডাকসুর ভিপি প্রার্থী 'জ্বালাময়ী জালাল' আটক

তাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি উঠেছে

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:১৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) রাত পৌনে ১টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এই ঘটনা ঘটে।

জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিউল হক সাংবাদিকদের বলেন, "জালাল রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোক্রমে আমি আত্মরক্ষা করি।"

এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা জালাল আহমেদের রুমের সামনে ভিড় করে তাকে বের হয়ে আসতে বললে তিনি রুমের ভেতরে নিজেকে আবদ্ধ রাখেন। 

এ সময় জালাল আহমেদ নিজেও আহত হয়েছেন দাবি করে ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।"

পরে প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় জালাল আহমেদকে বহিষ্কারের দাবিতে রাতে হলে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা মুহসীন হলের প্রাধ্যক্ষের পদত্যাগেরও দাবি জানিয়েছেন।

প্রক্টর এবং প্রভোস্ট জালাল আহমেদকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আশ্বাস দিয়েছেন।

 

   

About

Popular Links

x