ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” প্যানেলের ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
ডাকসুর “অপরাজেয় ৭১, অদম্য ২৪” প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
জানা গেছে, রবিবার বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
প্রসঙ্গত, “অপরাজেয় ৭১, অদম্য ২৪” প্যানেলে তিনটি বাম সংগঠন এবারের ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয়ে করা হয়েছে।
অন্যদিকে, এবারের নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।



