তিন দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে বাকৃবির জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
রেলপথ অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। হাওর এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা আটকে রাখার পর ছাড়ে শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তি সৃষ্টি হয়েছে।”
“কৃষিবিদ ঐক্য পরিষদ”-এর ব্যানারে পরিচালিত আন্দোলনে শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো: বিএডিসিসহ সকল গবেষণা প্রতিষ্ঠানে কৃষিবিদদের জন্য দশম গ্রেড উন্মুক্ত রাখতে হবে, নিয়োগ ছাড়া নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না, স্নাতক ব্যতীত কেউ নামের আগে কৃষিবিদ লিখতে পারবে না।
শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন বলে জানান ।



