কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
দুপেুর ১টার পর বাসস্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস দগ্ধ হতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তারা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তবে কিভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি।



