Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিইউপির একাডেমিক ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ৪

এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন—মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)। তারা চারজনই এসি মেরামতকারী মিস্ত্রি।

আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী ওমর ফারুক জানান, দুপুর পৌনে ১টার দিকে বিইউপির একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে এসি মেরামতকারী চারজন দগ্ধ হন। পরে আমরা তাদের দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ড্রেসিং সম্পন্ন হলে তা জানা যাবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।

   

About

Popular Links

x