ঢাকার সাভার মডেল থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্রটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে পৌর এলাকার নামা গেন্ডা বটতলা এলাকায় অলি কোম্পানির ইটভাটার পশ্চিম পাশে জমে থাকা পানির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাসগানটি জব্দ করে।
এদিকে, ঢাকা জেলা পুলিশের মিডিয়া সেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের নামা গেন্ডা বটতলা এলাকায় অলি কোম্পানির ইটভাটার পশ্চিম পাশে বেলায়েত কোম্পানির মালিকানাধীন জলাবদ্ধ নিচু জমিতে জমে থাকা পানির নিচ থেকে গ্যাসগানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির বাট নম্বর-৮৪ এবং বডি নম্বর-০৪১৯৯৮।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া গ্যাসগানটি ২০২৪ সালের ৫ আগস্ট সাভার মডেল থানা অস্ত্রাগার লুটের ঘটনায় দায়ের করা মামলার আলামত। এ ঘটনায় সাভার থানার এফআইআর নম্বর-২৯ (তারিখ. ১০ সেপ্টেম্বর ২০২৪) ও জিআর নম্বর-৫২১ এর আওতায় একাধিক ধারায় মামলা চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে একদল দুর্বৃত্ত সাভার মডেল থানার অস্ত্রাগার ভেঙে আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেডসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং থানার ভবন ও কর্মকর্তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে যৌথবাহিনীর অভিযানে লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলেও এখনও বেশ কয়েকটি অস্ত্র নিখোঁজ রয়েছে।



