Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

কর্তৃপক্ষ জানান, এই মজুদ দিয়ে ২৫ দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

দেশের জ্বালানি সংকট দূর করতে চট্টগ্রাম বন্দরে ১,৪১,০০০ টন ডিজেলবাহী তিনটি বিশাল ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার (১৭ এপ্রিল) এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু - এই তিনটি ট্যাংকার বন্দরে আসবে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার আসবে রবিবার (১৯ এপ্রিল)।  

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল ১,৫৫,০০০ টন। নতুন আসা ডিজেল খালাস সম্পন্ন হলে দেশের মোট মজুত বেড়ে দাঁড়াবে ২,৯৬,০০০ টন। এ পরিমাণ জ্বালানি দিয়ে সারাদেশে অন্তত ২৫ দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   

প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেছেন, "নির্ধারিত সময়ে তিন দিনের মধ্যেই সবগুলো জাহাজ বন্দরে পৌছাবে এবং দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে।" 

বিপিসির তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই পূরণ হয় ডিজেলের মাধ্যমে। ২০২৪-২৫ অর্থবছরে এই চাহিদার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩,৫০,০০০ টন।

পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎসহ নানা খাতে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। দেশের প্রায় ২৪ শতাংশ ডিজেল ব্যবহৃত হয় কৃষিখাতে। এছাড়া বাস, ট্রাকসহ সড়ক পরিবহন, নৌযান এবং শিল্পকারখানার জেনারেটর চালাতেও এ জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য, সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন, এই মাসে ডিজেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই নতুন বিশাল সরবরাহ যুক্ত হওয়ার ফলে তা পুরোপুরি কেটে যাবে।

   

About

Popular Links

x