Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই বান্ধবীর করুণ মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে শোকের ছায়া

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা নদীতে নেমে একজনের এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি এলাকার শীতলক্ষ্যা নদীর অংশে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীরা হলো, গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার (১৬) এবং একই গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার মিম (১৬)। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, ‍“দুপুরের দিকে সুবর্ণা এবং মিমসহ তাদের কয়েকজন বান্ধবী বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দুজন নদীর পানিতে তলিয়ে যায়। তাদের সহপাঠীরা দ্রুত বাড়িতে জানালে স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে সুবর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যায় নিখোঁজ অপর শিক্ষার্থী মার্জিয়া আক্তার মিমের মরদেহ উদ্ধার করে।”

সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, “নিহত দুই শিক্ষার্থী সাঁতার জানত না। এশার নামাজের পর সুবর্ণা আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে খোজেখানী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সাহা বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ সম্পন্ন করেছে।”

   

About

Popular Links

x