Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু

স্থানীয়রা জানান, তিনি সবসময় ইউটিউব দেখে নতুন কিছু তৈরির চেষ্টা করতেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন উদ্ভাবন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ফেনীর সোনাগাজীর ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫)। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুর আলম মাসুদ সোনাগাজীর ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সবসময় ইউটিউব দেখে নতুন কিছু তৈরির চেষ্টা করতেন। মঙ্গলবার সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় নিজের ভাড়া বাড়িতে বিকল্প উপায়ে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এসময় যন্ত্রের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় বলেন, “তিনি প্রায়ই নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। কিন্তু সেই চেষ্টাই যে তার জীবন কেড়ে নেবে, তা কেউ ভাবেনি।”

সোনাগাজী মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

   

About

Popular Links

x