Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়েতে কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরে মৃত্যু

ফেনীর পরশুরামের যুবক সাগর গত বছর জীবিকার সন্ধানে কুয়েতে পাড়ি জমান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে কুয়েতে কারাভোগ শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ফেনীর যুবক নুরুল ইসলাম সাগরের (৩৫) মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নুরুল ইসলাম সাগরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) রাতে কুয়েত থেকে তাকে বাংলাদেশগামী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। রাত ১টার দিকে তিনি বিমানবন্দরে নামেন। কিছুক্ষণ পরই হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়।

পরিস্থিতির অবনতি হলে বিমানবন্দর পুলিশ দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

সাগরের বাবা মো. শাহজাহান মিয়া জানান, বিমানবন্দরে মৃত্যুর খবর পেয়ে তিনি দ্রুত ঢাকার উদ্দেশে রওনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে জীবিকার সন্ধানে কুয়েতে পাড়ি জমান সাগর। তবে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে পুলিশ তাকে আটক করে। প্রায় ১৫ দিন কারাভোগের পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

সাগরের পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, “তিনি পুরোপুরি সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।”

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

   

About

Popular Links

x