গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে মজুদ করা ডিজেলে ডুবে এক শিশু মারা গেছে। ওই শিশুর বাবা বসতবাড়িতে ড্রামে ডিজেল মজুদ করে রাখেন।
বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। একপর্যায়ে ওই বারান্দায় রাখা প্লাস্টিকের ড্রামের ডিজেলের মধ্যে পড়ে যায় শিশুটি।
এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে আরাফের মৃত্যু হয়।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, “ডিজেলে ডুবে অসুস্থ হয়ে আরাফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্য দেখা দেয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুর বাবা আশিকুর রহমান প্রামাণিকের একটি ট্রাক্টর আছে। ট্রাক্টরটির ডিজেলের ট্যাংক ফুটো হওয়ায় মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠানো হয়। এ জন্য ট্যাংকে থাকা ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল ছিল। তাতে ঢাকনা ছিল না।



রাজশাহীতে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু