Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে সময় বাড়ল আরও ৬ মাস

এ পর্যন্ত শতাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। 

 রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় আদালত এই নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন।

 এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্তের জন্য ৬ মাস সময় দিয়েছিলেন, যা আজ শেষ হওয়ার কথা ছিল।

শুনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে সশরীরে তলবের আবেদন জানিয়েছিলেন।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতে জানান, তদন্ত কর্মকর্তা মামলার একটি অগ্রগতি প্রতিবেদন পাঠিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় চেয়ে আবেদন করেছেন।
১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক, বলেও উল্লেখ করেন তিনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যার শিকার হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ পর্যন্ত শতাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।

   

About

Popular Links

x