Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

কালবৈশাখীর তাণ্ডব: জামালপুরে ঘুমন্ত অবস্থায় গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

গভীর রাতে প্রবল দমকা হাওয়ায় ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে টিনের বসতঘরের উপর ভেঙে পড়ে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে একটি পরিবারের তিনটি প্রাণ। গভীর রাতে, যখন চারপাশ নিস্তব্ধ আর সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই প্রকৃতির হঠাৎ তাণ্ডব নেমে আসে নয়ানগর ইউনিয়নের পূর্ব দাগী গ্রামে।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রবল দমকা হাওয়ায় ঘরের পাশের একটি বিশাল মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের তৈরি বসতঘরের উপর ভেঙে পড়ে। ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। মুহূর্তের মধ্যেই তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

রাতের অন্ধকার, ঝড়ো বাতাস আর প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কেউ এগিয়ে এসে তাদের উদ্ধার করতে পারেননি। ভোর হওয়ার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারী দল এসে গাছ সরিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x