নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা আরাফাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভোরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, “ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।“



