রাজধানীর ধানমন্ডি এলাকায় বহুতল ভবনের ১১ তলা ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, খবর পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১এ ও ১বি ফ্ল্যাটের মাঝামাঝি ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল-মোকাব্বর ইসলাম অসাবধানতাবশত ১১তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। আমরা জানতে পারি নিহত যুবক তার বাবার প্রতিষ্ঠিত একটি স্কুল দেখাশোনার দায়িত্বে ছিলেন।



