বায়ুদূষণের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকালে বৃষ্টি থেমে যেতেই বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার বায়ুর মান ছিল ১৫৫।
রবিবার (৩ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া, বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। নগরটির বায়ুর মান ৮৯৯। দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, মান ১৭২।
ঢাকার দূষিত এলাকা
বায়ুদূষণে শীর্ষে আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ। এ এলাকার বায়ুমান ২০২। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে পুরান ঢাকার বেচারাম দেউড়ী (১৯৩), ধানমন্ডি (১৮৪), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬০), দক্ষিণ পল্লবী (১৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৩) ও গুলশান লেক পার্ক (১৫১)।
সুরক্ষায় যা করবেন
বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



