Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লী চিকিৎসক হলেও চোখের ডাক্তার পরিচয়ে রোগী দেখায় জরিমানা

বগুড়ায় প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাকে এক লাখ টাকা জরিমানা করেছে

আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এম.কে.এ সাকিদার নামে এক ভুয়া চক্ষু চিকিৎসক ধরা পড়েছেন। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে শহরের সূত্রাপুর এলাকায় জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্রে এ অভিযান চালানো হয়।

অভিযুক্ত জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের প্রতারণায় অংশ নেবেন না মর্মে অঙ্গীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, এম.কে.এ সাকিদার একজন পল্লী চিকিৎসক। তিনি গত তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিয়ে আসছেন। নিজের নামের আগে ডাক্তার শব্দ সংযোজন করে সেবা গ্রহীতাদের প্রতারিত করে আসছিলেন।

খবর পেয়ে রবিবার দুপুরে ওই চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ এম.কে.এ সাকিদারকে আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মেহেদী হাসান আরও জানান, এম.কে.এ সাকিদার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন।

উপস্থিত কয়েকজন রোগী জানান, দালালরা রোগীদের সরকারি হাসপাতালের চিকিৎসককে দেখানোর কথা বলে এখানে নিয়ে আসেন।

অভিযুক্ত এম.কে.এ সাকিদার নিজের সকল অপরাধ ও ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না বলে অঙ্গীকার করেন। এছাড়া সকল নিয়ম কানুন বিধি মেনে চলবেন।

ভোক্তা অধিকার আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x