কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের পরদিন এক নারীকে তেঁতুল গাছের উঁচু ডাল থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ মে) সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ওই নারী উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।
গত মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরের দিন সকালে পুকুরপাড়ের তেঁতুল গাছে তাকে দেখতে পান এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী জানায়, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে এলাকার অনেকেই ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে।
উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, “সকালে ওই নারী গাছের উঁচু ডালে বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং পরে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।”



