Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টির বাবা: মেয়েটার মুখ শেষবারের মতো দেখতে চাই 

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনিবার দেশে আসবে 

আপডেট : ০৬ মে ২০২৬, ০৯:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ আগামী শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। 

বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বুধবার (৬ মে) দুপুরে গণমাধ্যমকে বলেন, “ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশ বৃষ্টির লাশের উদ্ধার কাজ সম্পূর্ণ করেছে। লাশটি গলিত ও বস্তাবন্দী ছিল বলে তারা জানিয়েছে। লাশটি কীভাবে, কতটুকু দৃশ্যমান রয়েছে, তা নিয়ে কিছু বলেনি। মেয়েটার মুখ শেষবারের মতো দেখতে চাই। জানি না সেই ইচ্ছা পূরণ হবে কি না। শনিবার বিমানবন্দরে লাশটি পৌঁছানোর পরেই বাড়িতে বৃষ্টিকে নিয়ে আসব।” 

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে গত মঙ্গলবার জানানো হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে। 

মরদেহ দেশে পাঠানোর আগে বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় যুক্তরাষ্ট্রের টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। 

নিহত বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তার বাবা জহির উদ্দিন আকন দুই যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে থাকেন। 

জহির উদ্দিন আকন ঢাকার একটি বেসরকারি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত। দুই ভাই-বোনের মধ্যে বৃষ্টি ছোট। তিনি ফ্লোরিডার টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডির শিক্ষার্থী ছিলেন।  

বৃষ্টির চাচাতো ভাই ওবায়দুর আকন জানান, বৃষ্টির খণ্ডিত মরদেহ দেশে আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আগামী শনিবার সকালে ঢাকা থেকে লাশটি মাদারীপুরে আসবে। পরে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে বৃষ্টিকে দাফন করা হবে। 

হত্যাকাণ্ডের শিকার হওয়া লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮–এর প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে নিহত এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।  

   

About

Popular Links

x