Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সঙ্গীত

শহিদ মিনার প্রাঙ্গণে এটি আয়োজন করে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ 

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:১৬ পিএম

সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তিথি উপলক্ষে শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কোষাধাক্ষ জহিরুল হক খান।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে সংগঠনের সাতক্ষীরা শাখার আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক শুভ্র আহমেদ, কবি গুলশান আরা, চ্যানেল টোয়েন্টিফোর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য, প্রতাপ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সঙ্গীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাদের সাহিত্যকর্ম ও গান বাঙালির চেতনা, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র ও নজরুল চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের হৃদয়ে প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তার লেখনী ও সঙ্গীতের মাধ্যমে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরেছেন। তাদের আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমাজকে আলোকিত করছে।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

   

About

Popular Links

x