Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬৬৭ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২

কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয় 

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:১৭ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় ৬৬৭ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে নেত্রকোণা মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে প্রায় ২০ টন সরকারি চাল নিয়ে ট্রাকটি বের হয়। সরকারি সিলমোহরযুক্ত বস্তার চাল নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার একটি রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল।

সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে খবর দেন। এরপর মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি গতিরোধ করেন।

চালক সরকারি চাল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “আনোয়ার হোসেন মাস্টার নামের এক ব্যক্তি টিআর-কাবিখার ডিও কিনে চালগুলো সংগ্রহ করেছিলেন। গত কয়েকদিন ধরে গুদামে জমা রেখে বৃহস্পতিবার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এর বাইরে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেন।”

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেন।     

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জব্দ হওয়া চালভর্তি ট্রাকসহ চালক ও তার সহকারী বর্তমানে থানায় আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x