Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে পানিতে গোসলে নেমে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী  
আপডেট : ১৬ মে ২০২৬, ১২:২৭ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে গোসলে নেমে নিখোঁজ হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিক (২২)। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।  

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।  

শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে গোসলে নামলে এ সময় প্রবল স্রোতের কারণে শান্ত বণিক পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘক্ষণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  

প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তবে সিলেট থেকে তাদের বাড়ি অনেক দূরে হওয়ায় আপাতত তাদের এখানে আসতে নিষেধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে। 

তিনি আরও বলেন, “স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। মৃত্যুসনদ পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।”  

   

About

Popular Links

x