Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার 

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৫২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। 

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।  

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখেন। পরে এসব চাল বেশি দামে বিক্রি করে দিতেন। 

শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পায়। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে, প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৬ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা রাখেন।  

অভিযুক্ত আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই আজগর একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল। সরকারি বরাদ্দের চাল যে কেউ কিনতে পারে। আমরা তো চুরি করে আনিনি। কেনা চাল বাড়িতে রাখা যে অপরাধ, এটি আমার জানা নেই।” 

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে চাল ইউনিয়ন পরিষদে জব্দ রাখা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

   

About

Popular Links

x