সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘‘দুবাই ট্যাক্সি কোম্পানি’’ চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার (চালক) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) চালক বাছাইয়ের আনুষ্ঠানিক ইন্টারভিউ শুরু হবে।
রবিবার (১৭ মে) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানানো হয়।
সাক্ষাৎকার শেষে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। অত্যন্ত গর্বের বিষয় হলো, এই ১৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি চালকদের সততা, কর্মদক্ষতা ও কঠোর পরিশ্রমের কারণে তাদের কোম্পানিতে বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে।
তারা আরও জানান, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম দফার ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভবে দেড় হাজার চালক যাচাই-বাছাই করা হবে। তবে পর্যায়ক্রমে চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের চূড়ান্ত লক্ষ্য রয়েছে তাদের।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক অর্থ ব্যয় করতে হয়। যেহেতু অধিকাংশ কর্মী দরিদ্র পরিবার থেকে আসেন, তাই তাদের চড়া সুদে ঋণ নিয়ে বিদেশে যেতে হয়। কর্মীদের সুবিধার্থে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান।
সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। তারা জানান, শুধু ড্রাইভার নয়, বর্তমান বাজার চাহিদা বিবেচনায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও দুবাই ট্যাক্সি কোম্পানি গভীর আগ্রহ প্রকাশ করেছে।
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



