মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও তাদের আট মাসের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) গভীররাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর জানান মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
নিহতরা হলেন - মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাসের শিশু সন্তান।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটবাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিপ্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল বিকেলে ওই বাসায় আসেন আত্মীয় চিন্ময় দাসের পরিবার। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত তিনটার দিকে মিষ্টি বাড়ৈ সদর মডেল থানার পুলিশকে কল করেন।
পরে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায় এবং ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেন। ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে বলে জানায় ওসি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।



