Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:৫১ এএম

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের সদ্যঘোষিত কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে আগাম কোনো ঘোষণা ছাড়াই সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরীর ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রীরা বাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন।

ময়মনসিংহগামী যাত্রী রফিক নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে কাউন্টারে এসে শুনি বাস চলবে না। জরুরি কাজে সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাবো বুঝতে পারছি না।”

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের একটি নতুন কমিটি ঘোষণা করে। ২১ সদস্যের ওই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু সাধারণ শ্রমিকদের একাংশ এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেননি।

আন্দোলনকারীরা বলছেন, ঘোষিত বাস কমিটি অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং সুনির্দিষ্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাদের এই আন্দোলন ও চাকা বন্ধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এ বিষয়ে নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, “হঠাৎ বাস বন্ধের কারণে যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আন্দোলনরত পক্ষসহ সবার সঙ্গে কথা বলছি, যাতে দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করা যায়।”

   

About

Popular Links

x