Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে পাশের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে

আপডেট : ২০ মে ২০২৬, ০১:০৩ পিএম

ঠাকুরগাঁও পৌর শহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে‌।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, বুধবার সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

   

About

Popular Links

x