মেট্রোরেলে ভ্রমণে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রস্তাব অর্থ বিভাগ অনুমোদন করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষার্থীদের ভাড়ায় ছাড়ের বিষয়টি রাজস্ব আয় ও পরিচালনা ব্যবস্থাপনার আলোকেই পরবর্তীতে বিবেচনা করা হতে পারে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের “সুবর্ণ পরিচয়পত্র” প্রদর্শন করে এই ছাড় পাবেন।
অন্যদিকে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকরা “জাতীয় পরিচয়পত্র” প্রদর্শন করে একক যাত্রার ভাড়ায় ২৫% ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।
নীতিগতভাবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হলেও মেট্রোরেলে এই ছাড় ৬৫ বছর থেকে কার্যকর হচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের রাজস্ব আয় ধরে রাখা, পরিচালনা ব্যয় নির্বাহ এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থাকায় আপাতত ৬৫ বছর বয়সীদের এই ছাড়ের আওতায় আনা হয়েছে।
প্রসঙ্গত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫% ছাড়ে একক যাত্রার টিকিট প্রদান করা হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিবন্ধীদের ছাড়ের হার ১৫% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। পাশাপাশি প্রবীণদের জন্য নতুন করে ২৫% ছাড়ের নিয়ম যুক্ত করা হলো।



