প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণ করার ক্ষেত্রে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রবিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
শুধু ভাড়ার ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য চার্জ বিদ্যমান হার অনুযায়ী দিতে হবে। অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই এ সুবিধা পাওয়া যাবে। এজন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম রেলসেবা অ্যাপে নিবন্ধিত একাউন্ট থাকতে হবে।
একজন প্রবীণ নাগরিক সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা পাবেন। সপ্তাহ গণনা করা হবে যাত্রার তারিখ অনুযায়ী। ছাড়কৃত টিকিট ফেরত দিলে সেই অর্ডার সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং একই সপ্তাহে পুনরায় ছাড় পাওয়ার সুযোগ মিলবে।
কোনো প্রবীণ যাত্রী সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও প্রবীণ হলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ সহযাত্রী ছাড় সুবিধা পাবেন। সেক্ষেত্রে তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আলাদাভাবে ভেরিফাইড হতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ পরিচয়পত্র’ধারীরা এ সুবিধার আওতায় থাকবেন।
আন্তঃনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনের শোভন চেয়ার শ্রেণিতে মোট ভাড়ার ওপর বিদ্যমান সুবিধা অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি নতুন করে সব শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে অন্যান্য চার্জ বিদ্যমান হারেই প্রযোজ্য হবে।
প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ইস্যুর ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থাও চালু করা হবে বলে জানা গেছে।
এছাড়াও, স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেল পরিবহনকে আরও জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর ইশতেহারে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬০ বছরের বেশি বয়সীদের জন্য দূরপাল্লার পরিবহনে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেয়।
এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ সুবিধা চালু করলো বিএনপি সরকার।



