Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’  

সব মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি যাত্রী কল্যাণ সমিতির

আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

ঈদ-উল-আজহাকে সামনে রেখে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

সোমবার (২৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানায় সংগঠনটি। 

বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, “আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বিভিন্ন রুটে বাস মালিক, যানবাহন ও পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া বহনের সামর্থ্য না থাকায় অনেক শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, ট্রেনের ছাদ ও খোলা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।” 

সম্প্রতি চট্টগ্রাম থেকে কম খরচে রডবোঝাই ট্রাকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে ২ জনের মৃত্যুর কথা তুলে ধরা হয় বিবৃতিতে। 

সংগঠনটির দাবি, প্রতিবছর ঈদ মৌসুমে অতিরিক্ত ভাড়ার চাপে নিম্নআয়ের মানুষ বাসের ছাদ, ট্রেনের ছাদ, খোলা ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধ্য হন। 

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। 

ফিটনেসবিহীন যানবাহনে ভ্রমণ থেকেও যাত্রীদের বিরত থাকতে হবে অন্যথায় এবারের ঈদযাত্রাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে সর্তক করে সংগঠনটি। 

   

About

Popular Links

x