ফরিদপুরে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলিমুজ্জামান মাতুব্বর নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
এদিকে বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৫ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার নারানখালী ব্রীজ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নামের এক যুবক নিহত হন। এ সময় আহত হয় সাথে থাকা আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)।
নিহত দুইজন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। নিহত রাজন শেখ (১৮) হামিদ শেখের ছেলে এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। ঈদের দিন তারা বাড়ি থেকে ভাঙ্গা গোলচত্বরের ঘুরতে বের হয়েছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মামুন জানান, যুবক রাজন ও ইব্রাহিম মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা গোলচত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নারালখালি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রাজন মারা যান। আহত হয় সাথে থাকা ইব্রাহিম ফকির। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে ঈদের আগের দিন বুধবার (২৭ মে) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুই যুবক নিহত হন।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৩) এবং বরিশাল সদর উপজেলার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এর সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার ব্যক্তি।
নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।



