প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার মারা গেছেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (১ জুন) সকালে কামরুদ্দীন আবসারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে।
কামরুদ্দীন আবসারের জানাজা হবে কাল বাদ জোহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ২০১১ সালে স্ট্রোক করেন। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কামরুদ্দীন আবসার স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তার স্ত্রী কবি ফেরদৌসী বেগম। সন্তান আদনান মুকিত শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলোর নির্বাহী সম্পাদক।
দীর্ঘদিন প্রগতিশীল লেখকসংগঠন ‘বাংলাদেশ লেখক শিবির’এর সঙ্গে যুক্ত ছিলেন কামরুদ্দীন আবসার। পাশাপাশি তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের প্ল্যাটফর্ম ‘গণসংস্কৃতি ফ্রন্ট’এর একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। এছাড়া গণসংগীত দল ‘সৃজন’এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
লেখক মহসিন শস্ত্রপাণির লেখা বিপ্লবী গান ‘বলো জয় জাগ্রত বীর জনগণ, হঠাও সাম্রাজ্যবাদ…’-এর সুরকার কামরুদ্দীন আবসার। ফুলবাড়ী আন্দোলনের সময় গানটি আন্দোলনকারীদের প্রধান উদ্দীপক সংগীতে পরিণত হয়েছিল।



