রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের অবহেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশ পেয়েছে।
মায়ের প্রতি অবহেলার দায়ে তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছিলেন, দেশে পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই কর্মকর্তার (যুগ্ম সচিব) বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবার (৩১ মে) মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল।



